মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ট্রাম্পের জবাবে জানাল ইরান

হরমুজ প্রণালি, ৪ মার্চ – বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান এই অবস্থান ব্যক্ত করেছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যে ওই সমুদ্রপথে চলাচলকারী ট্যাংকারগুলোর সুরক্ষায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে প্রয়োজন হলে দ্রুততম সময়ে মার্কিন নৌবাহিনী হরমুজ দিয়ে ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা শুরু করবে। তিনি আরও জানান যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে আইআরজিসির নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ এক বিবৃতিতে নিশ্চিত করেন যে বর্তমানে হরমুজ প্রণালির ওপর ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এবং এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ১০০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language