শরীয়তপুর

শরীয়তপুরে খাদেম হত্যা: সুরেশ্বর দরবারের পীর শাহীন নূরী অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুর, ৪ মার্চ – শরীয়তপুরের নড়িয়ায় বহুল আলোচিত খাদেম জয়নাল সরদার হত্যা মামলার প্রধান আসামি ও সুরেশ্বর দরবারের গদীনশীন পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তারের সময় তার আস্তানা থেকে অস্ত্র ও মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে জয়নাল সরদার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

পরদিন ঘরিষার ইউনিয়নের আটপাড়া এলাকায় একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ঈশা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল হক ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে মো. রবিন শেখ নামে একজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। গ্রেপ্তারের সময় শাহীন নূরীর হেফাজত থেকে চাকু, ১৩৩টি শটগানের খালি কার্তুজ, ওয়াকিটকি, ৬টি হার্ডড্রাইভ, মোবাইল ফোন, স্প্রিং শট রাইফেল ও শটগানের বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language