ক্রিকেট

পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন সরফরাজ আহমেদ

রিয়াদ, ৪ মার্চ – আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফল না পাওয়ার পর ঢেলে সাজানো হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং এরই অংশ হিসেবে পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদ দায়িত্ব ছাড়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। বর্তমানে সরফরাজ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান শাহিন্স দলের সঙ্গে অবস্থান করছেন।

ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজ চলাকালীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ইংল্যান্ড বাকি সূচি স্থগিত করলেও সরফরাজের গুরুত্ব কমছে না। ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই তিনি প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন। সম্প্রতি তার কোচিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করার বিষয়টি বোর্ড চেয়ারম্যান মহসিন রাজা নকভীর নজর কাড়ে। আগামী ৮ ও ১৬ মে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। উল্লেখ্য সরফরাজ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এবং তার নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। এখন ৫৪ টেস্ট খেলা এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language