নওগাঁ

নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল স-মিল, থানায় অভিযোগ

নওগাঁ, ৪ মার্চ – নওগাঁর মান্দা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি স-মিল ভস্মীভূত হয়েছে। বুধবার ৪ মার্চ ভোররাত আনুমানিক ৪টার দিকে নওগাঁ ও রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত স-মিলের মালিক ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান যে প্রায় ১৮ বছর আগে তিনি দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিজস্ব জমিতে এই স-মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার রাতে স-মিলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী আতাব আলী।

ভোরে সাহরি খাওয়ার জন্য তিনি বাইরে বের হলে স-মিলে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে স-মিলের শ্যালো মেশিন ও আসবাবপত্র এবং মজুদ করা প্রায় চার লাখ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায়। ওয়াজেদ আলীর দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

দেলুয়াবাড়ি এলাকার আফসার আলী ও আকতার হোসেন এবং চককানু গ্রামের গুলবর রহমানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে হুমকিও দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মাসুদ রানা জানিয়েছেন যে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language