জাতীয়

সীমান্তে ডিজেল পাচারের শঙ্কা নজরদারি বাড়ানোর নির্দেশ জ্বালানি মন্ত্রীর

ঢাকা, ৪ মার্চ – দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পেছনে সীমান্ত দিয়ে পাচারের প্রবণতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুটু। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়টির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান আন্তর্জাতিক অস্থিরতা ও চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে জ্বালানি বাজারে চাপ সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে সরকার সাশ্রয়ী ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সীমান্তের ওপারে জ্বালানির দাম বেশি হওয়ায় বাংলাদেশ থেকে কিছু পরিমাণ ডিজেল পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী জেলাগুলোর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সীমান্ত অঞ্চলে ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন বৈশ্বিক বাজারে সবাই এখন জ্বালানি সংগ্রহে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এবং স্পট পারচেজেও প্রত্যাশিত সাড়া মিলছে না। বর্তমান সরবরাহ পরিস্থিতি ঈদের ছুটি পর্যন্ত একই রকম থাকতে পারে বলে মন্ত্রী ইঙ্গিত দেন।

তবে ছুটির সময়ে শিল্প কারখানার কার্যক্রম কমে গেলে বিদ্যুতের চাহিদা হ্রাস পাবে এবং এতে চাপ কিছুটা কমতে পারে। জ্বালানি মূল্যবৃদ্ধির সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান সরকার আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করছে এবং প্রধানমন্ত্রীকে প্রতিদিনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।

আপাতত বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন ক্রাইসিস ম্যানেজমেন্টই এখন সরকারের প্রধান কাজ এবং মজুদ থাকা জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language