মধ্যপ্রাচ্য

আরব সাগরে ইরানের সাবমেরিন ও ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করল যুক্তরাষ্ট্র

রিয়াদ, ৪ মার্চ – গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে বিশেষ অভিযান পরিচালনা করে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন ও ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান যে যেসব বস্তু বা স্থান থেকে তাদের লক্ষ্য করে আঘাত আসার সম্ভাবনা ছিল, তারা ঠিক সেগুলোতে হামলা চালিয়েছেন।

তিনি উল্লেখ করেন যে মার্কিন বি ১ এবং বি ২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে এই অভিযান পরিচালনা করে। তাঁর মতে এই তিন সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করে আসছিল ইরান, তবে বর্তমানে সেখানে কোনো ইরানি জাহাজ নেই।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা এবং দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও জানান যে গত চার দিনে ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language