ইরান-ইসরায়েল সংঘাতে জড়ালো ফ্রান্স, ভূমধ্যসাগরে যাচ্ছে পরমাণু রণতরী

প্যারিস, ৪ মার্চ – ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে এবার সরাসরি অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন যে তিনি ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, গত ২ মার্চ সোমবার ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হানে। সাইপ্রাস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, তাই ইইউ সনদের বাধ্যবাধকতা এবং দেশটির নিরাপত্তার স্বার্থে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, বাল্টিক সাগর থেকে রণতরীটি ইতিমধ্যেই ভূমধ্যসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে এবং বুধবার সন্ধ্যার মধ্যে তা গন্তব্যে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি রয়েছে এবং জর্ডান ও ইরাকের প্রতিও তাদের দৃঢ় প্রতিশ্রুতি বজায় রাখার কথা তিনি পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে ফ্রান্স তার মিত্রদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাবে বলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার ভাষণে উল্লেখ করেন।
এসএএস/ ৪ মার্চ ২০২৬






