ঈদের অগ্রিম টিকিট: মাত্র ৩০ মিনিটে ২০ লাখ বার হিট, অধিকাংশ রুটের আসন শেষ

ঢাকা, ৪ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার সকাল থেকে আগামী ১৪ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট প্রত্যাশীদের ব্যাপক চাহিদার কারণে বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রায় ২০ লাখ বার হিট বা প্রবেশের চেষ্টা করা হয়েছে বলে রেলওয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে মোট আসন সংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন বরাদ্দ রয়েছে। সারাদেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৫৮ হাজার ১০০টি।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট এবং একই সময়ে সারাদেশে মোট ১৪ হাজার ৬২টি আসন বিক্রি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় রেলওয়ের সার্ভার পর্যবেক্ষণ করে দেখা গেছে, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, চিলাহাটি, বেনাপোল, দিনাজপুর, রংপুর এবং কুড়িগ্রাম রুটের ট্রেনের প্রায় সব টিকিটই শেষ হয়ে গেছে। তবে ঢাকা থেকে খুলনাগামী রুটের তিনটি ট্রেনে কিছু আসন তখন পর্যন্ত অবিক্রিত ছিল।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। এছাড়া ১৫, ১৬, ১৭, ১৮ এবং ১৯ মার্চের যাত্রার টিকিট যথাক্রমে ৫, ৬, ৭, ৮ এবং ৯ মার্চ বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এনএন/ ৪ মার্চ ২০২৬









