সৌদি আরবে মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনে ড্রোন হামলা

রিয়াদ, ৪ মার্চ – সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এটি একটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে ওই সূত্র জানিয়েছে সিআইএর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল এমন কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। সিআইএ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।
এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে সিআইএর স্টেশনে এই হামলার ঘটনা ঘটল। সংঘাত চলাকালে রিয়াদে মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। এদিকে সৌদি আরব জানিয়েছে তারা ইরানের যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সৌদি মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে রিয়াদ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা এইচআরএএনএ জানিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যাও অনেক। সংস্থাটি আরও জানায় বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা পাঁচ সহস্রাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে যা সামরিক ঘাঁটি থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।
এসএএস/ ৪ মার্চ ২০২৬









