দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকা, ০৪ মার্চ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর তিনি ভারতের দিল্লি হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর কোনো উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তার এটি প্রথম গুরুত্বপূর্ণ সফর।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সফরটি মূলত রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে হলেও ওয়াশিংটন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া দ্বিপাক্ষিক আলোচনায় রাজনৈতিক সমঝোতা, রোহিঙ্গা সংকট, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাবে। এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য ঠিক করেছে মার্কিন প্রশাসন।
এনএন/ ০৪ মার্চ ২০২৬









