জাতীয়

ভিআইপি প্রটোকল ছাড়াই প্রধানমন্ত্রীর চলাচল, রাজধানীর সড়কে বাড়ল গাড়ির গতি

ঢাকা, ৩ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিআইপি প্রটোকল পরিহার এবং সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহনের বর্তমান গতি প্রকৃতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থাপন করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সরকারপ্রধানসহ রাষ্ট্রের ভিআইপিরা প্রটোকল ছাড়া চলাচলের ফলেই সড়কে গাড়ির গতি বেড়েছে। আতিকুর রহমান রুমন আরও বলেন, আগে ঢাকায় যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার যা কার্যত পায়ে হাঁটার গতির সমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক আইন মেনে চলছেন।

গত ১৪ দিনের পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, ভিভিআইপি চলাচলের কারণে রাস্তা বন্ধ না থাকায় যানবাহনের গড় গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর দেখাদেখি রাষ্ট্রপতি এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এখন ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রতিবেদনটি দেখেছেন।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language