মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর, ফুরিয়েছে ধৈর্যের বাঁধ

তেহরান, ৩ মার্চ – ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে এখন সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ।

এর জবাবে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ প্রসঙ্গে মাহমুদ কামাতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল সরাসরি যুদ্ধ চেয়েছে, তাই এবার সরাসরি যুদ্ধই হবে। কারণ হিজবুল্লাহর ধৈর্য ও সহনশীলতা দেখানোর সময় শেষ হয়ে গেছে। অন্যদিকে, লেবাননের কৌশলগত এলাকাগুলোতে স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রয়েছে এবং এই সংগঠনটিকে আক্রমণের জন্য চরম মূল্য দিতে হবে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি কঠোর অবস্থানের কারণে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের তীব্র ও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language