মধ্যপ্রাচ্য

কুয়েতে মার্কিন দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

কুয়েত সিটি, ৩ মার্চ – কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে বিশ্বাসঘাতকতামূলক হিসেবে অভিহিত করে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক সকল রীতিনীতি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কূটনৈতিক স্থাপনায় এমন আঘাতকে চরম উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিজস্ব নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং নাগরিক ও সেখানে বসবাসরত বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার কুয়েত রাষ্ট্রের রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অধিকারের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে।

এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের জেরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত ও জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language