উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা

ওয়াশিংটন, ৩ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিউত্তরে উপসাগরীয় এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে ইরান। এরই অংশ হিসেবে মঙ্গলবার ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় বন্দরের একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই এই হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য গত সপ্তাহের শেষ দিকেও ওমানের এই বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা হয়েছিল যাতে একজন শ্রমিক আহত হন। এর আগে সোমবার কাতারের বিভিন্ন স্থাপনায় ইরানি হামলার জেরে দেশটি এলএনজি উৎপাদন বন্ধ করে দেয় যা বিশ্ববাজারের মোট সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ।

পাশাপাশি সৌদি আরবও তাদের বৃহত্তম অভ্যন্তরীণ তেল শোধনাগারের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language