কাতারে মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ বাড়ছে এক মাস, লাগবে না কোনো ফি

দোহা, ৩ মার্চ – মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণের পথে থাকা সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে।
পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে এই সময়সীমা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ভিসার এই মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য সেবাগ্রহীতাদের কোনো বাড়তি ফি প্রদান করতে হবে না।
এমনকি ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে যাওয়া বা কোনো অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই। তবে নির্দেশনায় একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেসব ভিসাধারীর ২৮ ফেব্রুয়ারির আগে কোনো ধরনের আইন লঙ্ঘনের রেকর্ড রয়েছে, তাদের প্রথমে সেই লঙ্ঘনের জন্য নির্ধারিত জরিমানা বা নিষ্পত্তি ফি পরিশোধ করতে হবে। নিষ্পত্তি সম্পন্ন হওয়ার পরই নির্ধারিত তারিখ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা কার্যকর হবে।
এস এম/ ৩ মার্চ ২০২৬









