মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জেরে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল আরও ৭টি ফ্লাইট

মধ্যপ্রাচ্য, ৩ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের আরও ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি এবং আগত একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে যার মধ্যে দুটি বহির্গমন ও দুটি আগমনী ফ্লাইট রয়েছে। তবে ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়।
এছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধাবস্থার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত গত চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এম ম/ ৩ মার্চ ২০২৬









