সিমাগো র্যাংকিং ২০২৬ ইনোভেশন ক্যাটাগরিতে দেশসেরা সাউথইস্ট ইউনিভার্সিটি

মাদ্রিদ, ৩ মার্চ – স্পেনের বিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিংয়ের প্রকাশিত ২০২৬ সালের প্রতিবেদনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি।
প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে দ্বিতীয় স্থান এবং ইনোভেশন বা উদ্ভাবন ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক এই প্রতিবেদনে সারা বিশ্বের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছিল।
দেশভিত্তিক উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, উদ্ভাবন সূচকে দেশের অন্যান্য প্রতিষ্ঠিত ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। এই অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি, যা জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
একইসাথে এই স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষতার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানে তাদের অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে।
সাউথইস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই গৌরবময় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
এম ম/ ৩ মার্চ ২০২৬









