বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

মানামা, ৩ মার্চ – বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছে। এই হামলার ফলে মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বাহরাইনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছিল ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। এর মধ্যেই দেশটির সামরিক বাহিনী নতুন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
তারা স্পষ্ট করে জানিয়েছে যে তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরেও নয়। আইআরজিসি এক বিবৃতিতে উল্লেখ করেছে, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এস এম/ ৩ মার্চ ২০২৬









