ইরানে হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা

মাদ্রিদ, ৩ মার্চ – ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। মাদ্রিদ সরকারের এমন কঠোর অবস্থানের কারণে স্পেনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না পেয়ে সেখান থেকে অন্তত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন। সোমবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর উপাত্তে দেখা গেছে যে স্পেনের রোটা ও মোরন ঘাঁটি থেকে এসব যুদ্ধবিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানে হামলার জন্য তার দেশ কোনোভাবেই নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। তিনি আরও উল্লেখ করেন যে স্পেনের ঘাঁটিগুলো এই অভিযানে ব্যবহৃত হচ্ছে না এবং জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির আওতার বাইরের কোনো কাজে এগুলোর ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
স্পেনের এমন সিদ্ধান্তের ফলে মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার আশঙ্কার মধ্যেই পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না। সাম্প্রতিক সংঘাতে শীর্ষ কর্মকর্তাদের মৃত্যু ইরানকে দুর্বল করেনি বরং আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছে তেহরান।
এস এম/ ৩ মার্চ ২০২৬









