মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে কাতারে ফুটবল কার্যক্রম স্থগিত, শঙ্কায় ফিনালিসিমা

দোহা, ৩ মার্চ – মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

নিরাপত্তার শঙ্কায় কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন বা কিউএফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ওই ঘোষণায় সরাসরি কোনো হামলার প্রসঙ্গ উল্লেখ করা না হলেও, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণেই যে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট।

পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বহু প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে আগামী ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচটি কবে বা কোথায় আয়োজন করা সম্ভব হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language