ইরানের হামলায় বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে শোক জানালেন বাহরাইনের রাজা

ঢাকা, ০৩ মার্চ – ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা জানান।
আলোচনার সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে—এ বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। পাশাপাশি তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন।
এ সময় তিনি আরও বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।
এর আগে সোমবার বিকেলেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এনএন/ ০৩ মার্চ ২০২৬









