ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর আবেদন

নারায়ণগঞ্জ, ৩ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর চারজন এবং বিএনপির একজন প্রার্থী।
মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন করে আবেদন করা প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াত প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ ৩ আসনের ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট ২ আসনের মো. ফিরোজ হায়দার এবং লালমনিরহাট ১ আসনের আনোয়ারুল ইসলাম রাজু।
এ ছাড়া ময়মনসিংহ ১ আসনের বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সও ফলের বিরুদ্ধে আবেদন করেছেন। এর আগেও বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের একাধিক প্রার্থী হাইকোর্টে অনুরূপ আবেদন করেছিলেন। এর মধ্যে রয়েছেন কুড়িগ্রাম ২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর ৬ আসনের মো. সাইফুল ইসলাম এবং রংপুর ৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা।
তালিকায় আরও আছেন রাজশাহী ১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহীর আরেক প্রার্থী ডি এম ডি জিয়াউর, পাবনা ৪ আসনের মো. হাবিবুর রহমান হাবিব এবং শেরপুর ১ আসনের সানসিলা জেবরিন। এ ছাড়া জামায়াতের প্রার্থীদের মধ্যে ঢাকা ৬ আসনের মো. আবদুল মান্নান, ঢাকা ৭ আসনের মো. এনায়াত উল্লা ও গাইবান্ধা ৪ আসনের মো. আবদুর রহিম সরকারও নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন।
আদালত ইতোমধ্যে ওইসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করে নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এসব নির্বাচনী আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে।
এম ম/ ৩ মার্চ ২০২৬









