জাতীয়

ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি, আজও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

ঢাকা, ০৩ মার্চ – গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে আজও রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস বলছে, আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস প্রকাশ করেছে, সেখানে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এনএন/ ০৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language