উত্তর আমেরিকা

ইরানের ওপর হামলার বড় ঢেউ এখনো আসেনি: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৩ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালালেও এখনো চূড়ান্ত বা কঠোরতম আঘাতটি করা হয়নি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান মার্কিন সামরিক বাহিনী ইরানকে বেশ ভালোভাবেই মোকাবিলা করছে এবং সামনে আরও বড় পদক্ষেপ অপেক্ষা করছে।

সিএনএনের উপস্থাপকের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সেরা এবং তারা তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। তবে তিনি সংঘাত দীর্ঘায়িত করার পক্ষে নন বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন তিনি ধারণা করেছিলেন এই পরিস্থিতি চার সপ্তাহের মতো স্থায়ী হতে পারে তবে বর্তমানে তারা নির্ধারিত সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছেন। ইরানের সাধারণ জনগণকে সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে তবে এই মুহূর্তে সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন তিনি।

বাইরের পরিবেশ নিরাপদ নয় বলে সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন তাদের ওপর এখনো কঠোরতম হামলা শুরু করা হয়নি এবং খুব শিগগির বড় ধরনের অভিযানের ঢেউ আসতে চলেছে। সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে ইরানের পক্ষ থেকে বাহরাইন এবং জর্ডান বা কুয়েতসহ কয়েকটি আরব দেশের ওপর হামলা তাকে বিস্মিত করেছে। এছাড়া ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি জানান পরবর্তী নেতৃত্বে কে আসবেন তা অনিশ্চিত তবে দক্ষ কেউ আসলে সেটি দেশটির জন্য ভালো হবে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language