ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী, ৩ মার্চ – ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৬টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার কার্যক্রম চলছে। জানা গেছে, ভোরে ঘন কুয়াশার কারণে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে, যা এখন পারাপার শুরু হয়েছে।
এস এম/ ৩ মার্চ ২০২৬









