মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ পুড়িয়ে দেওয়ার হুমকি

তেহরান, ৩ মার্চ – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি। সংস্থাটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা পুড়িয়ে দেওয়া হবে।

আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো এবং কোনো জাহাজ নির্দেশ অমান্য করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জাব্বারি আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে আরও উল্লেখ করেন, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেবেন। ইরানি এই কর্মকর্তার দাবি, চলমান উত্তেজনার জেরে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছে যেতে পারে।

তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল হলেও এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাতে দেওয়া হবে না।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language