মধ্যপ্রাচ্য

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, আগুনের কুণ্ডলী ও বিস্ফোরণের শব্দ

রিয়াদ, ৩ মার্চ – সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এই হামলায় দুটি ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই নগণ্য।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে।

বার্তা সংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা ঘটনাস্থলে বিকট শব্দ শুনতে পেয়েছেন।

বিস্ফোরণের কিছু সময় পরই হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান প্রাথমিক তথ্যানুযায়ী রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ছোটখাটো আগুন ধরে যায় এবং ভবনের সামান্য কিছু ক্ষতি হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এই এলাকাটি মূলত বিদেশি কূটনীতিকদের বাসভবন ও কার্যালয় হিসেবে পরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান তিনি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর ধোঁয়া উড়তে দেখেন।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language