জাতীয়

ইরানি মিসাইলের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত, নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩ মার্চ – ইরানের পাল্টা হামলায় বাহরাইনে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন।

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

টেলিফোন আলাপে বাহরাইনের মন্ত্রী জানান যে ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সেদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ ঘটনায় সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language