নির্বাচনী বিধির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ মার্চের বগুড়া সফর বাতিল

ঢাকা, ২ মার্চ – বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ১০ মার্চের সফর বাতিল করা হয়েছে। বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন থাকায় নির্বাচনী আচরণবিধি ও আইনি বাধ্যবাধকতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আতিকুর রহমান রোমনও সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে নির্বাচনী বিধিমালার কারণে আপাতত ওই এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প স্থগিত থাকবে তবে দেশের অন্যান্য স্থানে তা যথারীতি চলবে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছিল। এই কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে। পরীক্ষামূলকভাবে চার মাস এই কার্যক্রম চলার পর ধাপে ধাপে তা প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য যে বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান নির্বাচিত হলেও তিনি আসনটি ছেড়ে দেন। আগামী ৯ এপ্রিল ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা।
প্রধানমন্ত্রীর সফর বাতিলের বিষয়ে রেজাউল করিম বাদশা জানান যে উপনির্বাচন চলাকালে সরকারি সুবিধা বিতরণ নির্বাচনী বিধির লঙ্ঘন হতে পারে বিধায় প্রধানমন্ত্রী নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সফর স্থগিত করেছেন।
এনএন/ ২ মার্চ ২০২৬









