প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান

ঢাকা, ২ মার্চ – বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, এসএএম মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন দায়িত্বে যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









