টাঙ্গাইল

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল, ২ মার্চ – টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ দেশে আনা হয় এবং সেখান থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয়। জোয়াহেরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর ছোট ভাই আতোয়ার রহমান জানান যে গত শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর এবং তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। জোয়াহেরুল ইসলাম পেশায় একজন আইনজীবী ছিলেন এবং টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত ভিপি হওয়ায় ‘ভিপি জোয়াহের’ নামেও পরিচিত ছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন।

তাঁর জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও সাবেক ছাত্রনেতা মুরাদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language