রংপুর

রংপুরে সরকারি রাস্তা দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

রংপুর, ২ মার্চ – রংপুরের মাহিগঞ্জে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে মাহিগঞ্জের কল্যাণী ৯ নম্বর ওয়ার্ডের নয়া নদীর পাড় এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি সরকারি রাস্তা দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন দুপুরে রাস্তা দখল ও নির্মাণকাজ শুরু করাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তা লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রসহ বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে সাময়িকভাবে দোকানপাট বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিচার্জ করে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইদুল ইসলাম জানান, পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হলেও এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language