পাবনা

চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে সংসদ সদস্যের শপথ গ্রহণ

পাবনা-৩, ২ মার্চ – পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার এলাকাবাসীকে সাথে নিয়ে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধের শপথ গ্রহণ করেছেন।

রবিবার ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই শপথ পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ হাত উঁচিয়ে সংসদ সদস্যের সাথে একাত্মতা ঘোষণা করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন।

ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বণিক সমিতি ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সহ সভাপতি সাইফুল ইসলাম নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বস্তরে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানান। এ সময় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হানিফ বাবলু জানান যে তিনি ছয় মাস আগেই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এবং শান্তিপূর্ণ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে এই সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার বলেন যে চাঁদাবাজি রুখতে হলে প্রথমেই ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন।

তিনি সকলকে নিয়ত করার আহ্বান জানান যে কেউ চাঁদা দেবেন না এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবেন তবেই সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তিনি একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language