ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস প্রণয় ভার্মার

ঢাকা, ২ মার্চ – ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও প্রসারিত করতে এবং সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ করে যাবে। একই সঙ্গে ভিসা সংক্রান্ত বর্তমান জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এস এম/ ২ মার্চ ২০২৬









