আগামীকাল দেখা যাবে বছরের প্রথম ‘ব্লাড মুন’, বাংলাদেশ থেকে দেখার উপায়

ওয়াশিংটন, ২ মার্চ – আগামীকাল ৩ মার্চ মঙ্গলবার রাতের আকাশে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। এদিন ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এই বিরল মহাজাগতিক ঘটনায় চাঁদ টকটকে লাল রঙ ধারণ করবে যা সাধারণ মানুষের কাছে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখনই এই চমৎকার মুহূর্ত তৈরি হয়। বিজ্ঞানীদের মতে ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর দেখার সুযোগ হবে না।
যখন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে অবস্থান নেয় তখন পৃথিবীর ছায়ায় চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যায় এবং সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না বলে এটি গাঢ় লাল বর্ণ ধারণ করে। একেই বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে এই গ্রহণটি ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। মূল পূর্ণগ্রাস পর্যায়টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।
অর্থাৎ প্রায় এক ঘণ্টা সময়জুড়ে চাঁদকে রক্তিম বর্ণে দেখা যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত বিশেষ করে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে এই দৃশ্য পরিষ্কারভাবে দেখা যাবে। তবে বাংলাদেশ, ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে না।
আকাশ মেঘলা থাকলে বা ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি দেখা না গেলে অনলাইনে লাইভ দেখার সুযোগ রয়েছে। লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ অবজারভেটরি তাদের ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া টাইমএন্ডডেট ডট কম ওয়েবসাইটে লাইভ ঘড়ির মাধ্যমে গ্রহণের প্রতিটি মুহূর্ত দেখা যাবে।
পাশাপাশি ইতালির ভার্চুয়াল টেলিস্কোপ প্রকল্প আমেরিকা ও অস্ট্রেলিয়ার জ্যোতির্বিদদের সঙ্গে মিলে এই মহাজাগতিক দৃশ্য লাইভ সম্প্রচার করবে।
এম ম/ ২ মার্চ ২০২৬









