বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, ভিজিটর ভিসা চালু

ঢাকা, ২ মার্চ – বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এই স্থগিতাদেশ ভিজিটর বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সোমবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের ওই বার্তায় জানানো হয় যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা তুলনামূলক বেশি হারে গ্রহণ করেন তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার ওপর কোনো প্রভাব ফেলবে না।
প্রভাবিত দেশগুলোর নাগরিকরা এখনো অভিবাসী ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









