ইরানকে হামলা বন্ধের কঠোর হুঁশিয়ারি দিল সৌদি জোট জিসিসি

রিয়াদ, ২ মার্চ – মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একইসঙ্গে পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থার পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দাবি করা হয়, ইরানের সাম্প্রতিক হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানানো হয়। জিসিসির সদস্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে। বিবৃতিতে ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
তবে একইসঙ্গে সতর্ক করে বলা হয়, নিজেদের আত্মরক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই শনিবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। চলমান এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









