মধ্যপ্রাচ্য

ইরানে স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০, সবাই শিশু

তেহরান, ২ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের সকলেই শিশু বলে নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর সোমবার হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার ২৮ ফেব্রুয়ারি চালানো এই ভয়াবহ হামলার পর থেকেই মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হামলার পর স্থানীয় উদ্ধারকারী দল ও সাধারণ বাসিন্দারা ধ্বংসস্তূপের ভেতর থেকে ভুক্তভোগীদের উদ্ধারে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ মিনাবের ‘শাজাবা তাইয়্যেবা’ নামক এই স্কুলটি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত।

তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি এক সময় সামরিক ঘাঁটির অংশ থাকলেও ২০১৬ সাল থেকে এটি সম্পূর্ণ আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও ফুটেজে স্কুলটির ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে এবং হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল বলে জানা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। ইরান এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language