মধ্যপ্রাচ্য

ইরানের আইআরজিসি সদরদপ্তর ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর

তেহরান, ২ মার্চ – ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসির সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

রবিবার ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে।

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আইআরজিসির কোনো সদরদপ্তর এখন আর অবশিষ্ট নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে গত ৪৭ বছরে ইরানের এই বাহিনী এক হাজারেরও বেশি আমেরিকান নাগরিককে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই হামলাকে সাপের মাথা কেটে ফেলার সঙ্গে তুলনা করেছে তারা।

এর আগে ইসরায়েলি ও মার্কিন বিমান বাহিনী ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছিল। যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে প্রায় ১২০০টি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়। এই ব্যাপক বোমাবর্ষণের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তিনি নিজেও এই আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ট্রাম্প জানান যে ইরান কথা বলতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language