ক্রিকেট

উৎকণ্ঠা শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিম, উঠলেন বিমানে

ঢাকা, ২ মার্চ – পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। তবে সব উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন এই তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠেছেন।

রোববার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব।’ কঠিন সময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা যায়, ওমরাহ শেষে দুবাই হয়ে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে আকাশপথ বন্ধ থাকায় দুবাই থেকে তার ফ্লাইট পুনরায় জেদ্দায় ফেরত পাঠানো হয়।

এর আগে মুশফিকের আটকা পড়ার খবরে উদ্বেগ তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

অবশেষে নিরাপদে মুশফিকের ফেরার খবরে স্বস্তি ফিরেছে ক্রিকেটানুগীদের মাঝে।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language