মধ্যপ্রাচ্য
ইরানি হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত, মোট প্রাণহানি ৩

আবুধাবি, ১ মার্চ – ইরানের পাল্টা সামরিক অভিযানের পর সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি নাগরিকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই পাল্টা আক্রমণ চালিয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং এর মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৫০৬টি আকাশে থাকাকালেই ধ্বংস করা হয়। নিহত তিন ব্যক্তি যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।
এনএন/ ১ মার্চ ২০২৬









