জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই কঠোর অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১ মার্চ – দেশের সকল শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান যে অপরাধীদের ধরতে শিগগিরই কঠোর অভিযান শুরু হবে। তবে অভিযানের কৌশল বা পরিকল্পনা এখনই প্রকাশ করতে চান না তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে কোনো শীর্ষ সন্ত্রাসী বা চাঁদাবাজ ছাড় পাবে না। তাদের বিচারের মুখোমুখি করতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গোপন রাখা হয়েছে যাতে অভিযান সফল হয়। কোনো কিছুই সরকারের নজরদারির বাইরে থাকবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবেই।

চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠী মাস দুয়েক আগে এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। ওই সময় চট্টগ্রাম পুলিশ কমিশনার ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পাহারার ব্যবস্থা করেন। নিরাপত্তা জোরদার থাকায় সন্ত্রাসীরা তখন সুবিধা করতে পারেনি। এর জেরে দুই মাস পর তারা ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

সালাহউদ্দিন আহমদ নিশ্চিত করেন যে গোলাগুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তারে কাজ করছে।

রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী দাবি করেন যে আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসে বলে মন্তব্য করেন তিনি।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language