জাতীয়

মার্চে কালবৈশাখী ও একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

ঢাকা, ১ মার্চ – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে চলতি মার্চ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু কিংবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা।

রোববার মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

মাসের শেষভাগে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয় যে মার্চে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে। এছাড়া দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language