করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৯

করাচি, ১ মার্চ – পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সহিংস দাঙ্গায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন।
রোববার ১ মার্চ বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মারমুখী অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ রেঞ্জার্স ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।
একইসঙ্গে তিনি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এনএন/ ১ মার্চ ২০২৬









