মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন ও ইরানে হামলা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ঢাকা, ১ মার্চ – বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে ঢাকা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ওই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। একইসঙ্গে আশা প্রকাশ করা হয় যে, দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনরুদ্ধার হবে।
এনএন/ ১ মার্চ ২০২৬









