আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জন: সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ১ মার্চ – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আদালতে নিষেধাজ্ঞার আবেদনটি উপস্থাপন করেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি সানজিদা খানমের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুসন্ধান প্রক্রিয়া চলাকালীন তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।

তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি আমলে নিয়ে সানজিদা খানমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language