শিক্ষা

শিক্ষার গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১ মার্চ – দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় মন্ত্রী উল্লেখ করেন যে, শিক্ষা মন্ত্রণালয় কোনো সাধারণ প্রশাসনিক দপ্তর নয়, বরং এটি জাতি গঠনের মূল ভিত্তি। শিক্ষাব্যবস্থার দীর্ঘসূত্রতা বা অপ্রয়োজনীয় জটিলতা দূর করার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোর্স ও কারিকুলামকে আরও সময়োপযোগী ও উৎপাদনশীল করতে হবে। ২০২৭ সালের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করা এবং নির্ধারিত সময়ে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে তিনি বিশ্বের উন্নত শিক্ষামডেল ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দেন। সভায় উপস্থিত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুনির্দিষ্ট সলিউশন লিস্ট তৈরির প্রস্তাব দেন। তিনি শিক্ষক সংক্রান্ত সমস্যা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language