ক্রিকেট

নতুন নির্বাচক প্যানেল গড়তে বিসিবির বিজ্ঞপ্তি, প্রধান হিসেবে আলোচনায় হাবিবুল বাশার

ঢাকা, ১ মার্চ – গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুটি শূন্য পদের জন্য আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন নিয়োগ প্রক্রিয়াটি তদারকি করবেন।

তাদের সহযোগিতা করবেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে এবং পরবর্তীতে তাদের কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লিপুর নেতৃত্বাধীন প্যানেলে এর আগে ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

কোচিং ক্যারিয়ারে সময় দিতে গত বছরের ফেব্রুয়ারিতে হান্নান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন হাসিবুল হোসেন শান্ত। পরে বিসিবি নির্বাচনে অংশ নিতে রাজ্জাকও পদত্যাগ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেয়াদ শেষেও লিপুকে দায়িত্বে রাখার অনুরোধ করা হলেও ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। বর্তমানে প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে এবং তিনি বোর্ডের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language