মশা নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

ঢাকা, ১ মার্চ – সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। রবিবার সকালে ডিএসসিসির ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের সুখনগর এবং গ্রীন মডেল টাউন সংলগ্ন মান্ডা খাল এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অভিযানের সূচনা করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
ডিএসসিসি প্রশাসক জানান যে মশক নিয়ন্ত্রণে আজ থেকে মাসব্যাপী এই বিশেষ কর্মসূচি চলমান থাকবে। এই কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রশাসক পর্যায় পর্যন্ত মোট চার স্তরের নিবিড় তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্থানীয় ইমামদের সম্পৃক্ত করার পাশাপাশি নিয়মিত মাইকিং কার্যক্রম চালানো হবে। তবে নাগরিকরা সচেতন না হলে এবং বাসাবাড়িতে মশার প্রজননস্থল পাওয়া গেলে অঞ্চলভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন যে অপেক্ষাকৃত নাগরিক সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে সিটি করপোরেশনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মশার প্রজননস্থল হিসেবে পরিচিত খালগুলো উদ্ধার ও দখলমুক্ত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় আড়াইশ কর্মী অংশ নেন।
এস এম/ ১ মার্চ ২০২৬









