ঝিনাইদহ

ঝিনাইদহে আগাম সজনে ডাঁটার কেজি ৭৫০ টাকা, নাগালের বাইরে ক্রেতাদের

ঝিনাইদহ, ১ মার্চ – ঝিনাইদহের স্থানীয় বাজারগুলোতে আগাম সবজি হিসেবে উঠতে শুরু করেছে সজনে ডাঁটা। তবে মৌসুমের শুরুতে বাজারে এসেই এর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। কৃষকরা পাইকারি পর্যায়ে ৬০০ থেকে ৭০০ টাকা দাম পেলেও হাতবদল হয়ে তা আরও চড়া মূল্যে বিক্রি হচ্ছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দোকানেই সজনে ডাঁটার উপস্থিতি রয়েছে। বিক্রেতারা জানান, কচি ও আগাম ডাঁটার চাহিদা বেশি থাকার কারণে দাম কিছুটা বেশি। তবে এই আকাশচুম্বী দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা এটি কিনতে হিমশিম খাচ্ছেন। উচ্চবিত্তরা শখ করে কিনলেও সাধারণ মানুষকে হিসাব করে চলতে হচ্ছে। এ অঞ্চলের জনপ্রিয় এই সবজি এখন অনেকের কাছে বিলাসী পণ্যে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের মতে, এটি এখনো সজনে ডাঁটার ভরা মৌসুম নয়। আগাম হিসেবে বাজারে আসায় কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এছাড়া পবিত্র রমজান মাস চলায় সবজির বাড়তি চাহিদা রয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার দাম অনেকটাই বেশি। তবে ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে দাম সাধারণের নাগালের মধ্যে চলে আসবে। এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান জানান, জেলায় এখন বাণিজ্যিকভাবে সজনের চাষাবাদ হচ্ছে। এর পুষ্টিগুণ ও ঔষধি গুণাগুণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ায় চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে কচি ডাঁটা ওঠায় দাম বেশি মনে হচ্ছে। ডাঁটা পরিপক্ব হলে এবং বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language